একাধিক দাবিতে ১৮ জুলাই জেলা কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি করিমগঞ্জ জেলা কংগ্রেসের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই :
বেহাল রাস্তাঘাট, লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশুদ্ধ পানীয়জলের সংকট, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং অসম বিধানসভায় বাংলাভাষার স্বীকৃতির দাবিতে আগামী ১৮ জুলাই জেলা কমিশনারের কার্যালয় ঘেরাও ও ধরনা কর্মসূচির ডাক দিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দল।

জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ইন্দিরা ভবন থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল জেলা কমিশনারের কার্যালয়ের উদ্দেশে রওনা দেবে। পরে সেখানে ধরনা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার ইন্দিরা ভবনে অনুষ্ঠিত একাধিক প্রস্তুতি বৈঠকে জেলা সভাপতি তাপস পুরকায়স্থ জেলার সব ব্লক, মণ্ডল, বুথ কমিটি এবং যুব, মহিলা, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি প্রতিটি সাংগঠনিক স্তর থেকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।

শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্তের উদ্যোগে বুথ কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিটি বুথ থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিধানসভা নির্বাচনে ভালো ফল করা বুথগুলির সভাপতিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী অভিযোগ করেন, জেলার অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বিশুদ্ধ পানীয় জলের সংকট প্রকট, স্বাস্থ্য পরিষেবার অবস্থা সন্তোষজনক নয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই এই গণতান্ত্রিক আন্দোলনের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
প্রস্তুতি বৈঠকে জেলা ও ব্লক কংগ্রেসের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেসের দাবি, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *