ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সারা বিশ্ব এখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফিফা বিশ্বকাপের উন্মাদনা অসমেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের উৎসাহের কথা বিবেচনা করে বুধবার এক বিশেষ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি জানান, কামরূপ মহানগর জেলা-সহ রাজ্যের অন্যান্য জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, ফিফা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত, অর্থাৎ আগামী ২০ জুলাই পর্যন্ত গুয়াহাটির রেস্তোরাঁগুলো রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্যান্য জেলায়ও রেস্তোরাঁ মালিক সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের ভিত্তিতে একই ধরনের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, “ফুটবল মানুষকে একত্রিত করে। আমরা চাই আমাদের ক্রীড়াপ্রেমীরা যেন কোনও অসুবিধা ছাড়াই ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপভোগ করতে পারেন। তাই গুয়াহাটির জেলা প্রশাসনকে ১৫, ১৬, ১৯ ও ২০ জুলাই ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে অন্যান্য জেলার প্রশাসনকেও প্রয়োজন অনুযায়ী একই ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে খেলা উপভোগ করুন।”

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অসমের ফুটবলপ্রেমীরা। গভীর রাত পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকার অনুমতি বিশ্বকাপ উপভোগের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *