১২ জুলাই : ‘ইটস কামিং হোম’—বিশ্বকাপ ট্রফির স্বপ্নে আবারও উচ্ছ্বসিত গোটা ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান হবে কি না, তার উত্তর মিলবে আগামী দিনগুলোতে। তবে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছে গেছে থ্রি লায়ন্সরা।
মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও জুড বেলিংহ্যামের জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। টমাস টুখেলের শিষ্যরা ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার নরওয়ের স্বপ্ন ভেঙে যায়।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় হ্যারি কেইনরা। তবে ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে আবারও গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেন বেলিংহ্যাম।
জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে বেলিংহামের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। ২৩ বছর বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি গোল রয়েছে শুধুমাত্র কিলিয়ান এমবাপের (১২)। একই সঙ্গে বিশ্বকাপে ৭ গোল করে কিংবদন্তি পেলের গোলসংখ্যাও স্পর্শ করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে বেলিংহামের গোলসংখ্যা বেড়ে হয়েছে ৬, যা সতীর্থ হ্যারি কেইনের সমান। ৭ গোল করে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন আর্লিং হলান্ড। আর ৮টি করে গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।



