অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে আরও কড়া হবে রাজ্য সরকার : হিমন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, অধিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজ্যের রাজস্ব সুরক্ষিত করার লক্ষ্যে অসম মন্ত্রিসভা ‘আসাম মাইনার মিনারেল কনসেশন রুলস, ২০১৩’-এর সংশোধনীতে অনুমোদন দিয়েছে। এর ফলে অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্ষাকালেও রাজ্যে খনিজ সরবরাহ যাতে ব্যাহত না হয়, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান, খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং রাজস্ব সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কেবিনেটের অনুমোদিত সংশোধনীর মাধ্যমে বহিরাজ্য থেকে আসা গৌণ খনিজের ওপর আরও স্বচ্ছ নজরদারি, অগ্রিম রয়্যালটি ও জিএসটি পরিশোধ নিশ্চিতকরণ এবং অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সংশোধনের ফলে বৈধ খনিজ ব্যবসা উৎসাহিত হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশোধিত বিধি অনুযায়ী, বহিরাজ্য থেকে অসমে বালি ও পাথর বহনকারী প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ১৫০ টাকা হারে যাত্রা অনুমতি ফি ধার্য করা হয়েছে। এছাড়া রাজ্যে প্রবেশের আগেই সংশ্লিষ্ট গৌণ খনিজের রয়্যালটি ও জিএসটি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।

বর্ষাকালে খনিজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অনুমোদিত খনন লিজ এলাকার ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্টকইয়ার্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি রাজস্ব ফাঁকি ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধি ও রাজস্ব আদায় আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে অসম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *