পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, খতম ৪ কুখ্যাত দুষ্কৃতী

Spread the news


১০ জুলাই : উত্তরপ্রদেশ পুলিশের কায়দায় এবার গুরুগ্রামেও গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের ভয়াবহ গুলির লড়াই। বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে চার কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এই অভিযানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিন পুলিশকর্মীও। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় খবর

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অপরাধ দমন শাখার কাছে গোপন সূত্রে খবর আসে যে, সুশান্ত লোক ফেস-২ এলাকায় একটি গাড়িতে সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টিম। পুলিশ জানতে পারে, স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তোলা বা চাঁদা দাবি করেছিল দুষ্কৃতীরা। সেই টাকা না মেটানোয় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছিল।

পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা গুলি চালানো বন্ধ করে। পুলিশ তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও, তারা পালটা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এলাকা ছাড়ার চেষ্টা করে। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় প্রবল গুলির লড়াই। প্রায় ৬০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে স্থানীয় সূত্রে খবর।

এই গুলির লড়াইয়ে বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচ দুষ্কৃতী গুরুতর আহত হয়। তাদের দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। অন্যদিকে, এই এনকাউন্টার চলাকালীন তিন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, নিহত এবং আহত দুষ্কৃতীদের বিস্তারিত পরিচয় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় পুলিশ তৎপরতা বাড়িয়েছে এবং ওই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *