বরাক তরঙ্গ, ৯ জুলাই : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং হাইলাকান্দি রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞানভিত্তিক গ্রীষ্মকালীন শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত হাইলাকান্দি শহরের অদূরে রয়েল হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই শিবিরে ছাত্র -ছাত্রী অংশগ্রহণ করে।
শিবিরে বিজ্ঞানভিত্তিক হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা, শিক্ষামূলক কর্মশালা, পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, চিত্রকলা, বিজ্ঞানভিত্তিক কুইজসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। প্রশিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব, যুক্তিবাদী চিন্তাচেতনা এবং অনুসন্ধিৎসু মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে রোটারি ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র ও স্মারক মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সভাপতি কামাল হোসেন চৌধুরী, প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সংযোজক লুৎফর রহমান বড়ভূইয়া, বিজ্ঞান মন্দিরের অবসরপ্রাপ্ত আধিকারিক বাহারুল ইসলাম লস্কর এবং বিজ্ঞান শিক্ষক আইনুল হক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের লালা ব্লক সমন্বয়ক জিয়া উদ্দিন বড়ভূইয়া, অসম বিজ্ঞান সমিতির লালা শাখার সম্পাদক মিসবাহুল ইসলাম লস্কর, শিক্ষক ইমামুল হাসান বড়ভূইয়া, শিক্ষক ফারুক আহমদ মজুমদার, শিক্ষক শরিফ উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আয়োজক সংস্থা ও রোটারি ক্লাবের পক্ষ থেকে অতিথিদের স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কামাল হোসেন চৌধুরী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজ্ঞানভিত্তিক গ্রীষ্মকালীন শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।



