বরাক তরঙ্গ, ৯ জুলাই : শিলচর মেহেরপুর অঞ্চলের জনগণের সুস্বাস্থ্য ও কণ্ঠচক্ষে চোখের সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার ২৫২ নম্ভর অম্বিকাপুর এলপি স্কুল প্রাঙ্গণে এক সম্পূর্ণ বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও ছানি সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। এই শিবির আয়োজনে নেতৃত্ব দিয়েছেন লায়ন্স ক্লাব শিলচর প্রেমিয়ার ও লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচর, পাশাপাশি স্থানীয় মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
শিবিরে লায়ন্স ক্লাবের সমাজসেবী সুমনা দাস, সৌমিত্রকুমার দেব, শিবা দেব ও মনিকা গুপ্তা উপস্থিত ছিলেন। সকাল থেকেই অম্বিকাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ ভিড় করছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ২২৫ জনের চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষা কালে ১২ জনের চোখে ছানি (ক্যাটারাক্ট) সনাক্ত হওয়ায় তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তী অস্ত্রোপচার ও চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
শিবিরের মূল মঞ্চ থেকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সদস্য শিবা দেব বলেন, “মানুষের সেবাই ধর্মের আসল রূপ। আমাদের লক্ষ যে মেহেরপুর লিংক রোড অঞ্চলের কেউ অজান্তেই চোখের দৃষ্টিশক্তি হারান না। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাসি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাব।” সুমনা দাস বলেন, “এই শিবির সফল করতে মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।”
শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর চন্দ, ভোলানাথ চৌধুরী, প্রাণেশ দে, পার্বতী সূত্রধর, মুনা দাস, অসিত চন্দ, ব্রজবাসী মালাকার, বিশাল বসাক প্রমুখ। আয়োজকরা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যকেন্দ্রিক উদ্যোগ গড়ে তোলা হবে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নত চিকিৎসাসেবা থেকে উপকৃত হতে পারে।



