শিলচরে স্ক্র্যাপের দোকান থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ২

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুলাই :
শিলচর শহরে চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে শিলচর সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি স্ক্র্যাপ দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল মধুরবন্দ এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর (৫৫) এবং রহিম উদ্দিন চৌধুরী (২৫)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি মোটরসাইকেল, মোটরসাইকেলের একাধিক সাইলেন্সার, বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, তিনটি কাটার মেশিন, একটি চার্জার মেশিন, টায়ারসহ আরও বেশ কিছু দামী সরঞ্জাম।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে সেগুলো যন্ত্রাংশে বিচ্ছিন্ন করে বিক্রির উদ্দেশ্যে ওই কবাড়ির দোকানে মজুত রাখা হয়েছিল। অভিযানের সময় দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয় এবং দোকান থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মালামাল বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিকদের খুঁজে বের করার কাজও শুরু করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *