ঘন অন্ধকারে বুরুঙ্গায় দুঃসাহসিক ডাকাতি, মহেন্দ্র শোরুমে সশস্ত্র হামলা; আহত নিরাপত্তারক্ষী

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুলাই : কাছাড় জেলার বুরুঙ্গা এলাকায় গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচর-কালাইন সড়কের ধারে নির্মীয়মাণ একটি মহেন্দ্র শোরুমে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। হামলায় শোরুমের নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। পাশাপাশি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে হঠাৎ করেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় শোরুমের সিসিটিভি ক্যামেরাও অচল হয়ে পড়ে। সেই সুযোগে অন্ধকারের মধ্যে শোরুমে প্রবেশ করে সশস্ত্র ডাকাত দল।

অভিযোগ, শোরুমে ঢুকেই দুষ্কৃতীরা কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও উপস্থিত কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নিরাপত্তারক্ষীসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে বিহাড়া আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিক্রমপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। শোরুমের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জানান, হামলার পর দুষ্কৃতীরা শোরুমে ভাঙচুর চালিয়ে দামি মোবাইল ফোন, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর বিহাড়া আউটপোস্টে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। জড়িত দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *