পাঁচ ক্রুসহ কার্গো বিমান নিখোঁজ

Spread the news

৮ জুলাই : পাকিস্তানে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী বোয়িং ৭৩৭ কার্গো উড়োজাহাজটির সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে করাচির উপকূলীয় এলাকার কাছে বিমানটির নেভিগেশন ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এর কিছুক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসির সূত্রে জানা যায়, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে২ এয়ারওয়েজ বিমানটি পরিচালনা করছিল। বুধবার এক বিবৃতিতে কে২ এয়ারওয়েজ জানায়, উড়োজাহাজে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়। পরে এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ কার্গো বিমানটির সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। এ অভিযানে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে অংশ নিচ্ছেন।

তবে এখন পর্যন্ত বিমানটির অবস্থান কিংবা নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *