বেহাল শিলচর–জয়ন্তীয়া সড়ক, ওভারলোড লরি আটকে বিক্ষোভে স্থানীয়রা

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৭ জুলাই:
শিলচর-জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মঙ্গলবার ওভারলোড পণ্যবাহী একটি লরি আটকে রেখে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তিন বছর ধরে আন্দোলন, স্মারকলিপি প্রদান এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের একাধিক আশ্বাস সত্ত্বেও সড়ক সংস্কারের কাজে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের দাবি, ২০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে ওভারলোড লরি এই সড়ক ব্যবহার করছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পাশাপাশি এ বিষয়ে বড়খলা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা জানান, অতীতে ছাত্র আন্দোলনের সময় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ দ্রুত সড়ক সংস্কার এবং ভারী যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় মানুষের ক্ষোভ আরও তীব্র হয়েছে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত আটক লরিটি ছেড়ে দেওয়া হবে না। তাদের বক্তব্য, যে সড়কে স্কুলপড়ুয়া শিশুদের কাঁধে করে পারাপার করাতে হয় এবং সাধারণ মানুষ হেঁটেও নিরাপদে চলাচল করতে পারেন না, সেখানে ওভারলোড যানবাহনের চলাচল কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *