বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচর শহরে ই-অটোরিকশার ক্রমবর্ধমান সংখ্যা, যানজট, ট্রাফিক আইন লঙ্ঘন এবং চালকদের আয়হানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ সভার আয়োজন করল শিলচর শহর এলাকার ই-অটোরিকশা মালিক ও চালক সমিতি। রবিবার শিলচর মহিলা কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবহন বিভাগের এমবিআই সমুদ্র দাস এবং শিলচর ট্রাফিক পুলিশের ইনচার্জ দীপঙ্কর দাস।
সভার শুরুতে সমিতির পক্ষ থেকে দুই অতিথিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে জেলা পরিবহন বিভাগের প্রতিনিধি ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা শহরের যানজট নিরসন, ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা এবং ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সমিতির সদস্যরা অভিযোগ করেন, শিলচর শহরে যাত্রীসংখ্যার তুলনায় ই-রিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে বাইরের এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ই-রিকশা স্থানীয় চালকদের জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলছে বলে দাবি করা হয়।
চালকদের অভিযোগ, আয় কমে যাওয়ায় অনেকেই সময়মতো ফাইন্যান্সের মাসিক কিস্তি পরিশোধ করতে পারছেন না। অর্থনৈতিক সংকটের কারণে কিছু চালক ট্রাফিক আইন লঙ্ঘন করতেও বাধ্য হচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই সমস্যার সমাধানের দাবিতে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাপ্পা ধর, আমালয় নাথ, প্রান্তজিত নাথ, সৌরভ দেব, কাজল দে, অমৃত রক্ষিতসহ সমিতির অন্যান্য সদস্যরা।



