বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত বেলারানি দাসকে স্মরণ করে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের পক্ষ থেকে প্রয়াতার স্বামী মনোরঞ্জন দাসের হাতে এক শোকবার্তা প্রদান করা হয়। শোকসভায় প্রয়াতার কর্মজীবন ও সামাজিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিষদের প্রাক্তন উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি রবীন্দ্রচন্দ্র দাস বলেন, বেলারানি দাস একজন কর্মতৎপর ও সমাজদরদী মহিলা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বরাক ভ্যালি পাটনি পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে বিভিন্ন অঞ্চলে উপস্থিত থেকে সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করে গেছেন। তিনি আজীবন সমাজোন্নয়নের কাজ করেছেন এবং তার অবদান অভাবনীয়।

শোকসভায় উপস্থিত ছিলেন পরিষদের তিন প্রাক্তন সভাপতি রবীন্দ্রচন্দ্র দাস, ধীরেন্দ্রচন্দ্র দাস ও অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিমল শেখর দাস, সুজিত কুমার দাস, দীলিপ কুমার দাসসহ অসংখ্য গুণমুগ্ধ ও সমাজসেবকরা। সভার শেষে প্রয়াতার বিদেগী আত্মার মঙ্গলের কামনায় দুই মিনিট নিরবতা পালন করা হয়।



