বরাক তরঙ্গ, ১ জুলাই : সমাজসেবা, মানবিকতা ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারকে সঙ্গে নিয়ে নতুন রোটারি বর্ষ ২০২৬-২৭-এর যাত্রা শুরু করল হাইলাকান্দি রোটারি ক্লাব। “ক্রিয়েট লাস্টিং ইমপ্যাক্ট” মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার দিনভর নানা জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় ১ জুলাই থেকেই রোটারি বর্ষের সূচনা হয়। সেই উপলক্ষে নবনির্বাচিত সভাপতি কামাল চৌধুরী ও সম্পাদক দীপক দে-র নেতৃত্বে ক্লাবের সদস্যরা একাধিক সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনের সূচনাতেই ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রাক্তন সভাপতি সমীরণ পাল, অসিত কুমার পাল, শংকর চৌধুরী, ডাঃ নজমুল হক মজুমদারসহ বিশিষ্ট সদস্যরা অংশ নেন।

পরবর্তীতে হাইলাকান্দির শিশু সুরক্ষা প্রতিষ্ঠান (সিসিআই)-এ আশ্রিত শিশুদের মধ্যে বিস্কুট, ফল,দুধ,চকলেট ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। একাংশ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ নজমুল হোসেন মজুমদার। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তাছাড়া ও এদিন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রোটারিয়ান ডাঃ নজমুল হক মাঝাভূইয়া, ডাঃ আরিফ মহম্মদ মজুমদার এবং জেলার নবাগত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ এমআই বড়ভূইয়াকে সম্মাননা জানানো হয়। এদিন নবাগত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়।
এছাড়াও শিলচরে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আহমেদ হোসেন চৌধুরী, রোটারিয়ান ডাঃ কৃপাময় নাথ, ডাঃ সিদ্ধার্থ কুমার দত্ত এবং ডাঃ সৌগত রায়কে চিকিৎসা ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য সংবর্ধিত করা হয়।

সেবাই পরম ধর্ম—এই আদর্শকে ধারণ করে সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন রোটারি বর্ষকে স্মরণীয় করে তুলতে বদ্ধপরিকর হাইলাকান্দি রোটারি ক্লাব।
উল্লেখ্য, আগামী ৪ জুলাই হাইলাকান্দি রোটারি ক্লাবের ২২তম অভিষেক অনুষ্ঠানে নতুন পরিচালন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে বলে ক্লাবের জনসংযোগ আধিকারিক ডাঃ নজমুল হক মজুমদার জানিয়েছেন।



