শিলচরে বিজেপির উদ্যোগে মন্ত্রী, সাংসদ ও নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই:
ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার শিলচরের বঙ্গভবনে অসম সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাংসদ এবং নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, বড়খলার বিধায়ক কিশোর নাথ, ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, এপিডিসিএল-এর চেয়ারম্যান নিত্যভূষণ দে, শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নিহাররঞ্জন দাস-সহ বিজেপির জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে, স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সম্মান জানানো হয়। এ সময় বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন এবং জনকল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত জনপ্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুরো অনুষ্ঠানজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *