অনুমতি ছাড়া ব্যানার-হোর্ডিং বা স্বাগত তোরণ নয়, কড়া নির্দেশ শিলচর পুর নিগমের

Spread the news

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুন :
শহরের বিভিন্ন প্রান্তে অনুমতি ছাড়া ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ নির্মাণের প্রবণতা রুখতে কড়া নির্দেশ জারি করেছে শিলচর পুর নিগম। জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি পরিকাঠামোর সুরক্ষার স্বার্থে এ ধরনের অস্থায়ী কাঠামো স্থাপনের আগে পৌর নিগমের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পুর নিগমের আয়ুক্ত ডেভিড বরা কুমার, এসিএস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান যথাযথ অনুমতি ছাড়াই শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ স্থাপন করছে বলে প্রশাসনের নজরে এসেছে। এর ফলে অনেক ক্ষেত্রে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং রাস্তারও ক্ষতি হচ্ছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনেক অস্থায়ী কাঠামো নিরাপত্তা বিধি মেনে নির্মাণ করা হয় না। প্রবল ঝড়, দমকা হাওয়া বা প্রতিকূল আবহাওয়ায় এসব কাঠামো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি এড়াতেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, শিলচর পুর নিগম এলাকার মধ্যে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান ব্যানার, পোস্টার, হোর্ডিং, স্বাগত তোরণ বা অন্য কোনো অস্থায়ী কাঠামো স্থাপন করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের এনওসি সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক শাখা, কাছাড়; পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (রোডস), কাছাড়; ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে।

পুর নিগমের মতে, নতুন এই ব্যবস্থা কার্যকর হলে শহরে অস্থায়ী কাঠামো নির্মাণ আরও নিয়ন্ত্রিত হবে, যান চলাচলে বিঘ্ন কমবে, জননিরাপত্তা নিশ্চিত হবে এবং সরকারি সংস্থাগুলির নির্ধারিত নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হবে।
শিলচর পুর নিগম জানিয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে। শহরের সব সংগঠন, অনুষ্ঠান আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অনুমতি ও এনওসি সংগ্রহের পরই ব্যানার, হোর্ডিং, পোস্টার বা স্বাগত তোরণ স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *