মুম্বাইয়ে কিংবদন্তি ক্রীড়া চিকিৎসক আলি ইরানির সঙ্গে সাক্ষাৎ আমিনুর রশিদ চৌধুরীর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ জুন :
মুম্বাই সফরকালে ভারতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান ক্রীড়া চিকিৎসক ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আলি ইরানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অসম বিধানসভার বিরোধী দলের ডেপুটি চিফ হুইপ এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বান্দ্রায় এক আন্তরিক পরিবেশে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠিত এই সাক্ষাতে স্বাস্থ্যসেবা, ক্রীড়া চিকিৎসার উন্নয়ন, খেলোয়াড়দের ফিটনেস, জনস্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিধায়ক জানান, মুম্বাই সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা ছিল ড. ইরানির সঙ্গে এই সাক্ষাৎ। তাঁর মতে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও মানবসেবায় নিবেদিত ব্যক্তিত্বের কাছ থেকে অভিজ্ঞতা জানার সুযোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

আলোচনায় ড. ইরানি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বজায় রাখার কৌশল এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদিকে, বিধায়ক সামিম অসমের স্বাস্থ্যখাতের উন্নয়ন, জনস্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরেন।

উল্লেখ্য, ১৯৮৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান ক্রীড়া চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ড. আলি ইরানি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ক্রীড়া চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এবং দেশ-বিদেশে একজন অভিজ্ঞ স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

সাক্ষাৎ শেষে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, ড. আলি ইরানি শুধু একজন দক্ষ চিকিৎসক নন, তিনি মানবতার সেবায় নিবেদিত এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে তিনি ড. ইরানির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *