বরাক তরঙ্গ, ২৯ জুন : শিক্ষার পরিবর্তিত ধারা, কর্মমুখী দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে সামনে রেখে ব্যতিক্রম গ্রুপ ও The Times of India-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচর শহরের ঐতিহ্যবাহী উইমেন্স কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ১০.০’। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কনক্লেভে শিক্ষাবিদ, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, শিল্পক্ষেত্রের প্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে NERIM Group of Institutions এবং JIS Group। এ উপলক্ষে সোমবার কাছাড় ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কনক্লেভের বিভিন্ন দিক তুলে ধরেন JIS Group-এর বিদ্যুৎ মজুমদার, NERIM-এর ড. আজিজুর রহমান, প্রিয়ঙ্কা শইকিয়া, সৌমেন নন্দী, ডেইজি দাস এবং ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া।
আয়োজকদের জানানো হয়েছে, কনক্লেভে তিনটি পৃথক প্যানেলে শিক্ষাব্যবস্থার পরিবর্তন, উচ্চশিক্ষার নতুন সুযোগ, কর্মমুখী শিক্ষা, দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হবে। এতে অংশ নেবেন ড. শান্তনু দাস, দীপক সেনগুপ্ত, দুলাল মিত্র, রুদ্র গুপ্তা, প্রফেসর বিনয় কৃষ্ণ রায়, প্রফেসর ড. সুমন গুন, প্রফেসর ড. বিশ্বতোষ চৌধুরী, প্রফেসর ড. জয়দীপ বিশ্বাস, ড. আজিজুর রহমান, প্রফেসর ড. গৌতম দত্ত, প্রফেসর ড. মুরলী বাসা, ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, সব্যসাচী রুদ্র গুপ্ত, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধ দাস, সমাজকর্মী ড. পূজা দাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালনায় থাকবেন পারমিতা পাল, ড. সুজাতা চৌধুরী এবং সমুদ্র সিহার বিশ্বাস।
ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া বলেন, এই কনক্লেভ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞদের জন্য একটি অভিন্ন মঞ্চ তৈরি করবে, যেখানে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে। তাঁর মতে, উত্তর-পূর্ব ভারতের শিক্ষাঙ্গনে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং শিলচরের এবারের আয়োজন সেই ধারাকেই আরও সমৃদ্ধ করবে।



