বরাক তরঙ্গ, ২৫ জুন : শিলচর-কালাইন সড়কের মোহনপুর থেকে হিলাড়া পেট্রোল পাম্প সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকার একটি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তা নয়, সেতুর সংযোগ অংশের বেহাল অবস্থার কারণে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের কাজ শুরু হলেও তা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পাশে মাটি ফেলে রাখার পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ মেরামতের নামে খোঁড়াখুঁড়ি করে কাজ বন্ধ করে দেওয়ায় বর্ষার জলে ধীরে ধীরে মাটি ধসে যাচ্ছে।

এলাকাবাসীর মতে, এই গুরুত্বপূর্ণ সড়কটি বড়খলা ও কাটিগড়া বিধানসভা এলাকার প্রধান যোগাযোগ পথগুলোর একটি। প্রতিদিন অসংখ্য যানবাহন এবং হাজারো স্কুল-কলেজগামী শিক্ষার্থী এই পথ ব্যবহার করেন। ফলে সেতুর এপ্রোচের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার দাবিতে স্থানীয়রা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।



