রুকনি নদী থেকে নিখোঁজ বৃদ্ধার দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুন : অবশেষে রুকনি নদী থেকে উদ্ধার হল শেওরারতল জিপির বাগেয়ালা গ্রামের বাসিন্দা বেলারানি দাশের (৭৮) দেহ। সন্দেহ করা হয়েছিল তিনি নদীতে তলিয়ে যাওয়ার। বৃহস্পতিবার দুপুরে চান্নিঘাট এলাকায় রুকনি নদী থেকে উদ্ধার করা হয় বৃদ্ধার নিথর দেহ।

বুধবার রুকনি নদীর পাড়ে মিলে লাঠি। এরপর পরিবারের লোকদের সন্দেহ হয় তিনি নদীতে ডুবে গেছেন। প্রয়াতের ছেলে সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টে জানানো হয়।

খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের পুলিশ এবং এনডিআরএফ ও এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রুকনি নদীতে তল্লাশি অভিযান শুরু করে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও বৃদ্ধার কোনও সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, বেলারানি দাশ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। বুধবার সকালে তাঁর ছেলে মনাইকুমার দাশ মাকে খাবার খাইয়ে কিছু কাজের জন্য বাইরে যান। দুপুর প্রায় ২টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের দরজা বন্ধ ও মা বাড়িতে নেই। তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার পূর্বদিকে থাকা রুকনি নদীর ঘাটে মায়ের ব্যবহৃত লাঠিটি পড়ে থাকতে দেখেন। এতে তাঁর সন্দেহ হয় মা নদীতে পড়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *