বরাক তরঙ্গ, ২৫ জুন : মণিপুরের কাংপোকপি জেলায় গত মাসে তিন গির্জা নেতাকে হত্যার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। নিহত তিনজনই থাদৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশন (টিবিএ)-এর সদস্য ছিলেন। গত ১৩ মে তারা দুটি গাড়িতে করে যাত্রাকালে সন্দেহভাজন জঙ্গিদের হামলার শিকার হন। ওই হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনার দিনই মণিপুর পুলিশ একটি মামলা দায়ের করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এনআইএ মামলাটি পুনরায় নথিভুক্ত করে এবং আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে।
এনআইএর দায়ের করা প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুযায়ী, ধর্মীয় এক সমাবেশে অংশ নিয়ে চুরাচাঁদপুর থেকে কাংপোকপিতে ফেরার পথে গাড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কোটজিম ও কোটলার্ন এলাকার মধ্যবর্তী জিরো পয়েন্টে সশস্ত্র দুর্বৃত্তরা গাড়িগুলোর ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
মণিপুরে চলমান জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২৬০ জন নিহত হয়েছেন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এটি রাজ্যটির সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ অস্থিরতার অন্যতম পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।



