মৃত বোনের টাকা উদ্ধারে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে যাওয়ার ঘটনায় দু’মাস পর সাসপেন্ড ম্যানেজার

Spread the news

২৫ জুন : মৃত বোনের টাকা উদ্ধারে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন ওডিশার এক আদিবাসী ব্যক্তি। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। শেষ পর্যন্ত ওডিশা গ্রামীণ ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজারকে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রায় ২ মাস পরে ওডিশা গ্রামীণ ব্যাঙ্কের কেওনঝড়ের মালিপোসি শাখার ওই ম্যানেজারকে।

মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে বার বার ব্যাঙ্কের বাধার মুখে পড়েন কেওনঝড়ের দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা। মাস কয়েক আগেই মৃত্যু হয়েছিল ওই আদিবাসী ব্যক্তির বোনের। বোন যে মারা গিয়েছেন তার প্রমাণ নিয়ে আসতে বলেছিল ব্যাঙ্ক। তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল প্রায় ১৯ হাজার টাকা। ওডিশা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীরা তাঁকে জানিয়েছিলেন, বোন না এলে ১৯,৩০০ টাকা দেওয়া যাবে না। এর পরেই তিনি প্রমাণ হিসেবে বোনের কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে যান। প্রচণ্ড গরমের মধ্যে, প্রায় ৩ কিলোমিটার হেঁটে, কবর থেকে বোনের কঙ্কাল তুলে নিয়ে গিয়েছিলেন তিনি। ঘটনা জানার পরেই তদন্তের নির্দেশ দেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানান ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। গত ২ মে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছেও এই নিয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

এত দিন পরে ওই ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে নবীন পট্টনায়ককে চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। গত ১২ জুন নবীন পট্টনায়ককে চিঠি দিয়ে এই পদক্ষেপ করার বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। অর্থ মন্ত্রক ওই ঘটনাকে গুরুত্ব দিয়েই বিবেচনা করেছে বলেও চিঠিতে জানিয়েছেন তিনি।

সেই সঙ্গেই সমাজের সুবিধাবঞ্চিত বা অসহায় অংশের মানুষদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য দেশের ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

যদিও, জিতু মুন্ডা হয়রানির অভিযোগ তোলার পরে তা অস্বীকার করেছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের দাবি, তাঁরা মোটেও অ্যাকাউন্ট হোল্ডারের মৃতদেহ তুলে আনার কথা বলেননি। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল বৈধ কাগজপত্রই চেয়েছিল। জিতু নেশাগ্রস্ত অবস্থায় ওই কাণ্ড ঘটান বলেও দাবি করা হয়। তবে, তদন্তে ব্যাঙ্কের গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই রকম কারোর সঙ্গেই যেন করা না হয় তার জন্যও ওডিশা গ্রামীণ ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *