২৫ জুন : নকআউটের টিকিট নিশ্চিত করল মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আশরাফ হাকিমির দল। ম্যাচের শুরুতেই আত্মঘাতী ভুলে হাইতিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় মরক্কো। এরপর সমতায় ফিরলেও দ্রুত আবার লিড নেয় সেবাস্তিয়ান মিগনের শিষ্যরা। তবে প্রতিবারই ঘুরে দাঁড়ায় উত্তর আফ্রিকার দলটি। প্রথমার্ধ শেষে ২-২ সমতায় ছিল দুই দল।
বিরতির পর বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে ফেলে তারা। ম্যাচের ৮০ মিনিটে সুফিয়ান রাহিমির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় মরক্কো।
যোগ করা সময়ে গেসিম ইয়াসিনের গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। গোলটি নিয়ে ভিএআর পরীক্ষা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ফলে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় মরক্কোর।
ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক আশরাফ হাকিমি। অন্যদিকে শেষ দিকে হাইতির একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণ সেভে রুখে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো।



