বরাক তরঙ্গ, ২৪ জুন : কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার সহ রাজ্যের মোট ২৪ জন শীর্ষ আধিকারিককে রদবদল করা হয়েছে। বুধবার অসম সরকার এক সরকারি বিজ্ঞপ্তিতে একাধিক আইএএস ও এসিএস কর্মকর্তার বদলি ও নতুন দায়িত্ব প্রদানের কথা ঘোষণা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গকে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দক্ষিণ সালমারা-মানকাচরের জেলা কমিশনার রাহুলকুমার গুপ্তা। উদালগুড়ির জেলা কমিশনার জয় বিকাশকে হাইলাকান্দি জেলার দায়িত্ব প্রদান করা হয়। এ ছাড়া বরপেটার জেলা কমিশনার রোহন কুমার ঝাকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব এবং অসম রেজিলিয়েন্ট রুরাল ব্রিজ প্রোগ্রামের প্রকল্প পরিচালক করা হয়েছে। পি. বিজয়া ভাস্কর রেড্ডিকে সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশেষ মুখ্যসচিব সৈয়দাইন আব্বাসিকে আবাসন ও নগর বিষয়ক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেচ বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ওম প্রকাশকে পরিবেশ ও বন দপ্তর এবং দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোগিতা বিভাগের কমিশনার ও সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ দিকে, হোজাইয়ের জেলা কমিশনার দেবপ্রসাদ মিশ্রকে স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব, চিরাংয়ের জেলা কমিশনার মধুসূদন নাথকে কৃষি বিভাগের সচিব এবং ধুবড়ির জেলা কমিশনার মেঘা নিধি দাহালকে অর্থ বিভাগের সচিব ও এআইডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বঙাইগাঁওয়ের জেলা কমিশনার দিবাকর নাথকে ধুবড়ি, মাজুলির জেলা কমিশনার সৃষ্টি সিংকে মরিগাঁও এবং অর্থ বিভাগের যুগ্মসচিব পরিক্ষিত থৌদামকে দক্ষিণ সালমারা-মানকাচরের জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
সাধারণ প্রশাসন বিভাগের সচিব সঞ্জয় দত্তকে হোজাই, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব রাতুল চন্দ্র পাঠককে মাজুলি, প্রশাসনিক সংস্কার ও প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত সচিব নবদীপ পাঠককে বরপেটা এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব পুলক পাটগিরিকে উদালগুড়ির জেলা কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দরং জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক করবী শইকিয়া করণকে বিশ্বনাথ জেলার জেলা কমিশনার, বিশ্বনাথের জেলা কমিশনার লক্ষীনন্দন সাহারিয়াকে বঙাইগাঁওয়ের জেলা কমিশনার এবং কৃষি বিভাগের যুগ্মসচিব গকুল চন্দ্র ব্রহ্মকে চিরাংয়ের জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।



