বরাক তরঙ্গ, ২৪ জুন : ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভারতীয় হজ কমিটির ২২ জুনের নির্দেশ অনুসারে ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র হজ পালনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
হজে ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট অথবা ‘হজ সুবিধা’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহে তথ্যপ্রযুক্তি-নির্ভর লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের আগামী ১০ আগস্টের মধ্যে ১,৫২,৩০০ টাকা অগ্রিম জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে বৈধ ভারতীয় পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক পাসবুক বা বাতিল চেক এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।
হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন জমা দেওয়ার পর তা বাতিল করা, নিরুৎসাহিত করা হয় এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী জরিমানার বিধান থাকতে পারে। তাই আবেদনকারীদের সকল নিয়মাবলি ভালভাবে পড়ে ও বুঝে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।



