বরাক তরঙ্গ, ২৪ জুন : উধারবন্দের সোনাছড়া এলাডলু নদীর ওপর নির্মিত নবনির্মিত সেতুর এক পাশ এক রাতের ভারি বর্ষণের জেরে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে সোনাছড়া, অমরানগর, সত্যনগর ও সিরিশথল এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর একাংশ ধসে যাওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম ও জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা একাধিকবার সেতু পরিদর্শন করলেও প্রকৃত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেননি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, শুধুমাত্র পরিদর্শন নয়, বাস্তবিক কাজের মাধ্যমে সমস্যার সমাধান দেখতে চান। অবরুদ্ধ এলাকার বাসিন্দারা সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে দ্রুত সেতু মেরামত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



