দক্ষিণ করিমগঞ্জের সড়ক উন্নয়নে এনএইচডিসিএল-এর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জুন:
দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের অবহেলিত সড়ক ও অবকাঠামোগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। গুয়াহাটিতে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচডিসিএল)-এর শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি বারইগ্রাম, নিলামবাজারসহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও উন্নয়নের দাবিগুলি তুলে ধরেন।
বৈঠকে দক্ষিণ করিমগঞ্জের ভাঙাচোরা রাস্তা, বর্ষাকালে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন।

কর্তৃপক্ষ উত্থাপিত বিষয়গুলিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। পাশাপাশি চলমান ও প্রস্তাবিত বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে। জাতীয় সড়কের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, সংযোগ সড়কের সম্প্রসারণ এবং বর্ষাকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির স্থায়ী সমাধানের বিষয়ও বৈঠকে উঠে আসে।

বৈঠক শেষে আমিনুর রশিদ চৌধুরী বলেন, “দক্ষিণ করিমগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। খুব শিগগিরই এলাকার মানুষ উন্নয়নমূলক একাধিক প্রকল্পের সুফল পাবেন বলে আমি আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *