জল্পনার অবসান ঘটিয়ে শিন্ডে শিবিরে যোগ দিলেন ৬ সাংসদ

Spread the news

২৩ জুন : মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড়ো পটপরিবর্তন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ছেড়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন ছয়জন সাংসদ। এই দলবদলের ফলে লোকসভায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেল উদ্ধব শিবিরের শক্তি, যা শিন্ডে বাহিনীর জন্য বড় জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে ছয়জন সাংসদকে দলে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘আজ আমার সঙ্গে একটি নয়, ছয়টি বাঘ উপস্থিত রয়েছে। এবারের এই রাজনৈতিক চালে আমরা ছক্কা মেরেছি।’ শিন্ডের দাবি, বালাসাহেব ঠাকরের শিবসেনার প্রকৃত আদর্শ ও ‘ধনুক-তীর’ প্রতীক রক্ষা করতেই এই বিদ্রোহ। তাঁর কথায়, এটি শিবসেনার অন্দরে হওয়া ‘দ্বিতীয় বিপ্লব’, যা তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ও দলের আদর্শের প্রতি সমর্থনকেই পুনরায় প্রতিষ্ঠা করল।

উল্লেখ্য, গত ১৭ জুন দিল্লিতে শিবসেনা (ইউবিটি)-র সংসদীয় দলের বৈঠকে অনুপস্থিত ছিলেন এই ছয় সাংসদ— সঞ্জয় দিনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, ভাউসাহেব ওয়াকচৌরে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকর। সংবিধান অনুযায়ী, লোকসভার দুই-তৃতীয়াংশ সদস্য দলত্যাগ করলে তা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *