মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ জুন : অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার শ্রীভূমি জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পরিদর্শন করে জেলার পানীয়জল সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি, দলীয় পদাধিকারী ও একাধিক কর্মী-সমর্থক।জেলার সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দপ্তরে পৌঁছে মন্ত্রী প্রথমে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জেলার চলমান পানীয়জল প্রকল্প, গ্রামীণ এলাকায় বিশুদ্ধ জল সরবরাহের বর্তমান অবস্থা পাইপলাইনের সম্প্রসারণ, নতুন সংযোগ প্রদান, জলাধার নির্মাণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীভূমি বিভাগের নির্বাহী প্রকৌশলী মন্দিপ কর, ভারপ্রাপ্ত এসডিও অজয় সেন, সহকারী প্রকৌশলী জুনিয়র ইঞ্জিনিয়ারসহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। তাঁরা জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সূত্রের খবর বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত জল জীবন মিশন এর অগ্রগতি নিয়ে। প্রত্যেক পরিবারের ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে সেগুলির কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি যেসব এলাকায় এখনও জল সরবরাহ সংক্রান্ত সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৈঠকে বলেন, “বিশুদ্ধ পানীয়জল মানুষের মৌলিক অধিকার। সরকার চাইছে প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে বসবাসকারী মানুষও যেন নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পান। এজন্য প্রতিটি প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে হবে।তিনি আরও বলেন শুধু পানীয় জল সরবরাহ নয়, পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ সুস্থ সমাজ গঠনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদ পানীয়জলের বিকল্প নেই।বৈঠকে অসম সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি এবং পিএইচই বিভাগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত অবকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জল ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে। জনগণের অভিযোগ ও সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসন এবং বিভাগের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার নির্দেশও দেন তিনি।

পরিদর্শনের সময় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী স্থানীয় মানুষের মতামত ও চাহিদার বিষয়েও গুরুত্ব দেন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার মানুষের মৌলিক পরিষেবাগুলিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে এবং শ্রীভূমি জেলাও সেই উন্নয়নের ধারার বাইরে নয়। পরিদর্শন শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় ভূমিকা এবং সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আগামী দিনে শ্রীভূমি জেলার পানীয় জল সরবরাহ স্যানিটেশন ব্যবস্থা এবং জনপরিষেবা খাতে আরও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।



