বরাক তরঙ্গ, ২২ জুন : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র ছিনিয়ে নিল এমএস এফসি। সোমবার এনজি এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে ইয়ং স্টার ক্লাব সোনাই বাজারকে ১-০ গোলে পরাজিত করেছে এমএস এফসি সোনাই। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন রণবীর সিং। ম্যাচের ৩৮ মিনিটে তাঁর করা গোলই দলের জয় নিশ্চিত করে। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রণবীর সিংকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন খালেদ হোসেন মজুমদার ও তানজিম আহমেদ।

অন্যদিকে, দুর্দান্ত গোলরক্ষণের জন্য ইয়ং স্টার ক্লাব সোনাই বাজারের রাহুল আমিনকে সেরা গোলরক্ষক ভূষিত করা হয়। অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
ম্যাচটি পরিচালনা করেন হোসেন আহমেদ বড়ভূইয়া, আবু আব্বাস লস্কর, আবুল হোসেন এবং আবেদ রসুল। আগামীকাল মঙ্গলবার কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।



