ইউসিসি : ভকতপুরে জুম্মার নামাজ শেষে কালো ব্যাজ পরে বিক্ষোভ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : অভিন্ন দেওয়ানী বিধি (ইউসিসি) বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার শিলচর কাঁঠাল রোডের ভকতপুর-চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তাঁরা কালো ব্যাজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান। প্রতিবাদকারীদের বক্তব্য, সম্প্রতি আসাম বিধানসভায় গৃহীত ইউসিসি আইন ধর্মীয় স্বাধীনতা এবং সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁদের অভিযোগ, এই আইন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ও পারিবারিক রীতিনীতি এবং ধর্মীয় বিধানের ওপর হস্তক্ষেপের শামিল।

সভায় বক্তারা বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি অনুসারে জীবনযাপনের অধিকার প্রদান করেছে। স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলিম সম্প্রদায়ের অবদানের কথা স্মরণ করিয়ে তাঁরা উল্লেখ করেন, দেশের জন্য আত্মত্যাগকারী মানুষের উত্তরসূরিদেরও নিজেদের ধর্মীয় বিধান অনুসরণ করার পূর্ণ অধিকার রয়েছে।

বক্তারা আরও দাবি করেন, ইউসিসি বিল প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মতামত ও স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য পৃথক ব্যতিক্রম রাখার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে বলে তাঁদের অভিমত। পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিকভাবে নতুন আইন প্রণয়নের প্রবণতা উদ্বেগজনক বলেও তাঁরা মন্তব্য করেন।

মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভা থেকে ইউসিসি বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আবেদন জানান উপস্থিত বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *