শোকজ নোটিসের প্রতিবাদে সরব প্রসেনজিৎ দেব, স্পষ্ট তথ্য প্রকাশের দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার কো-কনভেনার প্রসেনজিৎ দেব শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি রূপম সাহার জারি করা শোকজ নোটিস এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রকাশিত দলীয় বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে তিনি বিষয়টি নিয়ে সঠিক ও স্পষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি তোলেন।

প্রসেনজিৎ দেবের অভিযোগ, ১৮ জুন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং দলের জেলা ইউনিটের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি পোস্ট করেন। ওই পোস্টে উল্লেখ করা হয়, প্রসেনজিৎ দেব বর্তমানে দলের কোনও রাজ্য বা জেলা কমিটির দায়িত্বে নেই এবং তাঁর বিভিন্ন মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, যার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

সাংবাদিকদের সামনে প্রসেনজিৎ দেব জানান, ঘটনার সূত্রপাত ১১ জুন, যখন তাঁকে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই দলীয়ভাবে শোকজ নোটিস প্রদান করা হয়। তিনি দাবি করেন, শোকজ সংক্রান্ত অভিযোগগুলো ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তাঁর বক্তব্য অনুযায়ী, শোকজের জবাব দেওয়ার পর তিনি জেলা সভাপতির কাছে জানতে চান, ঠিক কোন্ অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা পাননি বলে দাবি করেন।

প্রসেনজিৎ আরও অভিযোগ করেন, তাঁর প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে সামাজিক মাধ্যমে এমন পোস্ট করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি অন্যদের মাধ্যমেও একই ধরনের প্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, “বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। দলের নীতি, অবস্থান ও সিদ্ধান্ত শুধুমাত্র অনুমোদিত সাংগঠনিক প্ল্যাটফর্ম এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের মাধ্যমেই প্রকাশ হওয়া উচিত। কোনো নির্দিষ্ট কারণ, প্রমাণ বা সাংগঠনিক ব্যাখ্যা ছাড়া ব্যক্তিগত মতপার্থক্য বা সম্পর্কের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

এ প্রসঙ্গে তিনি দাবি করেন, কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে বিষয়টির যথাযথ ব্যাখ্যা, প্রমাণ এবং সাংগঠনিক নিয়ম মেনে পর্যালোচনা করা প্রয়োজন। অন্যথায় একজন কর্মীর ব্যক্তিগত সম্মানহানি হওয়ার পাশাপাশি দলের ঐক্য ও সাংগঠনিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে রাজ্য সভাপতির কাছে পত্র পাঠাবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *