বরাক তরঙ্গ, ১৭ জুন : অসমের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন প্রকল্পগুলিকে আরও গতিশীল করার অঙ্গীকার নিয়ে দিসপুরে জনতা ভবনের নিউ বি ব্লকের প্রথম তলায় নববরাদ্দকৃত কার্যালয়ে শুভ গৃহপ্রবেশ সম্পন্ন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই), পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কর্মপরিসরের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে বিভাগের আধিকারিক, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গৃহপ্রবেশের পর মন্ত্রী মা কামাখ্যার চরণে প্রণাম জানিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, নতুন কার্যালয় থেকে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যেতে চান। জনগণের আস্থা ও ভালোবাসাকেই তিনি তাঁর সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন, পার্বত্য এলাকার সার্বিক অগ্রগতি এবং বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তাঁর বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয় থেকে সেই কর্মকাণ্ডকে আরও বেগবান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল দীর্ঘদিন ধরে জননেতা হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও পানীয় জল সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘হর ঘর জল’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর বিভাগের কার্যক্রম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গৃহপ্রবেশ উপলক্ষে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে জনগণের কল্যাণই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের জনমুখী প্রকল্পগুলি দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং বরাক উপত্যকা ও পার্বত্য এলাকার উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। তাঁর নতুন কার্যালয়ের এই শুভ সূচনাকে উন্নয়ন ও জনসেবার এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন রাজনৈতিক মহল ও শুভানুধ্যায়ীরা।



