অয়েল ইন্ডিয়ার ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুলিয়াজানে গ্রেফতার ৪

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুন : অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)-এর অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পরিচালিত এক অভিযানে বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত এই চার ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বীর লাচিত সেনার ডিব্রুগড় জেলা সভাপতি রিন্টু দত্ত, তাই আহোম ছাত্র সংস্থার দুলিয়াজান শাখার সভাপতি কঙ্কন রাজকোঁয়ার, কাছারি যুব মঞ্চের দুলিয়াজান শাখার সভাপতি বিনোদকুমার সোনোয়াল ও বীর লাচিত সেনার দুলিয়াজান শাখার সম্পাদক মানস প্রতিম গোহাঁই।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্তে সংগৃহীত বিভিন্ন তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এর ভিত্তিতেই তাঁদের হেফাজতে নেওয়া হয়। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চাঁদাবাজির অভিযোগের পরিধি কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *