বরাক তরঙ্গ, ১৪ জুন : ২৩তম বিশ্ব রক্তদাতা দিবস এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফোরামের হাইলাকান্দি জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২৩ জন নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
বরাক উপত্যকায় জনসাধারণের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বছর সংগঠনটি তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী বর্ষ উদযাপন করছে।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও অংশগ্রহণ করেন। শোভাযাত্রা চলাকালীন ফোরামের জেলা সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায় দিবসটির তাৎপর্য এবং সংগঠনের দীর্ঘ পথচলার উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।
তিনি জানান, এই শোভাযাত্রায় ফোরামের সদস্যদের পাশাপাশি রামকৃষ্ণ সেবা সমিতির ছাত্রাবাসের ছাত্ররা, কল্যাণ আশ্রমের ছাত্রীরা, হরকিশোর হাইস্কুল ও ব্লু ফ্লায়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা, আলগাপুর আব্দুল লতিফ কলেজের শিক্ষার্থীরা এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সক্ষম, রোটারি ক্লাব, প্রবীণ নাগরিক সংস্থা, হাইলাকান্দি হিন্দু মিলন মন্দির ও বাঙালি পরিষদ আসামের হাইলাকান্দি জেলা সদস্যরা প্রমুখ সহ আরও অনেক সংস্থা ও সংগঠন অংশগ্রহণ করেন। তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গত বছর রক্তদান শিবির আয়োজনকারী লায়ন্স ক্লাব লালা, জীবন বিমা নিগমের হাইলাকান্দি শাখা, হিন্দু রক্ষী দল, কাটলিছড়া এসকে রায় কলেজ, সুরানা মোটরস এবং রামকৃষ্ণ সেবা সমিতি কর্তৃপক্ষকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া হাইলাকান্দিতে রক্তদান শিবির আয়োজনের প্রথম উদ্যোগী প্রয়াত সাংবাদিক সঞ্জীব চন্দ্রকে ফোরামের কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সুদর্শন ভট্টাচার্য ও জেলা সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী ও কন্যার হাতে কেন্দ্রীয় সমিতির পক্ষে সম্মাননাপত্র ও স্মারক তুলে দেন।

আলোচনা সভায় ফোরামের পক্ষ থেকে রামকৃষ্ণ সেবা সমিতির প্রাক্তন সভাপতি প্রেমাংশু শেখর পাল, প্রবীণ নাগরিক সংস্থার সভাপতি নারায়ণ দেবনাথ, কল্যাণ আশ্রমের সভাপতি সুব্রত শর্মা মজুমদার, অসম বাঙালি পরিষদের সভাপতি বিপ্লবেন্দু পুরকায়স্থ এবং হাইলাকান্দি বার এসোসিয়েশনের পক্ষে অধিবক্তা গৌতম ঘোষকেও সম্মাননা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সুদর্শন ভট্টাচার্য, সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, রঞ্জিত ঘোষ, অসিত কুমার পাল, মনোজ দেবনাথ, মনোজ বিশ্বাস, শংকর চৌধুরী, গোবিন্দ চন্দ্র নাথ এবং সঞ্জীব দেব। বক্তারা বিশ্ব রক্তদাতা দিবসের প্রেক্ষাপট, রক্তদানের গুরুত্ব এবং ফোরামের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন সুদীপ পাল, নারায়ণ দাস, মাধবী শর্মা, কবিতা দাস, করবী রায়, শিপ্রা শর্মা মহন্ত, ঝুনু সূত্রধর, রাজকুমার দাস, জানকী নুনিয়া সহ অন্যান্য সদস্যরা।

রক্তদান শিবিরে রক্তদান করেন গোপাল কৃষ্ণ দেব, সুদীপ কুমার নাথ, সন্দীপ নাথ, পিন্টু পাল, সুভাষ নুনিয়া, সুব্রত ঘোষ, বিজয়িনী ভট্টাচার্য, মৃণাল কান্তি নাথ, টিটন দেবনাথ, প্রসেনজিৎ নাথ, পল্লব নাথ, জানকি নুনিয়া, উত্তরা দে, প্রসেনজিৎ চৌধুরী, দীপঙ্কর মাঝি, দিনেশ প্রসাদ কানু, সব্যসাচী ভট্টাচার্য, শিবম ঋষি, পুলক দত্ত, নিশি রঞ্জন দে, জয়দীপ সূত্রধর, অনুপম সিনহা ও ঝুনু সূত্রধর প্রমুখ। এর মধ্যে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে ১৪ জন রক্তদান করেন।
হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মকর্তারা রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ফোরামের সদস্য শংকর চৌধুরী এ উপলক্ষে একটি গানও রচনা করেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক প্রশংসা লাভ করে। পাশাপাশি বিশেষভাবে নির্মিত সেলফি পয়েন্টে ছবি তুলে রক্তদাতারা দিনটির আনন্দ আরও উপভোগ করেন।



