বরাক তরঙ্গ, ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রবিবার শ্রীকোণা গ্যারিসনের ইউনিট হাসপাতালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বাহিনীর ধারাবাহিক অঙ্গীকার এবং কর্তব্যের গণ্ডি পেরিয়ে মানবসেবার দীর্ঘ ঐতিহ্যেরই প্রতিফলন এই উদ্যোগ। সেনা সদস্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনে রক্তের যোগান নিশ্চিত করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে আসাম রাইফেলসের জওয়ান ও স্বেচ্ছাসেবকদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মোট ৪৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

ইউনিট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং রক্তদানের পরবর্তী পরিচর্যার সমস্ত প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিয়ার হেড কর্পসের ব্রিগেডিয়ার মেডিক্যাল অফিসার। তিনি শ্রীকোনা ব্যাটালিয়নের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের কল্যাণে বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা জানান।

আসাম রাইফেলস জানিয়েছে, জনস্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শিবিরের সফল আয়োজন আবারও প্রমাণ করেছে, জীবন বাঁচাতে রক্তের প্রতিটি ফোঁটাই মূল্যবান।



