উধারবন্দে নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে অগপ-র সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানালো অগপের উধারবন্দ বিধান পরিষদ। শনিবার বিকেলে আরকাটিরপুর দ্বিতীয় খণ্ডের একটি বিবাহ ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগপের কাছাড় জেলা কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হুসেন লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, কৃষক পরিষদের জেলা সভাপতি আহমদ সাহিদ বড়ভূইয়া, লক্ষীপুর বিধান পরিষদের সভাপতি সেলিম আহমেদ লস্কর, বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি সাইদূল ইসলাম মজুমদার, রংপুর জিপির সভাপতি আলতাফ হোসেন লস্কর এবং যুব পরিষদের কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি চিরঞ্জীব সিংহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতেই অগপ জেলা কমিটি, যুব পরিষদ ও উদারবন্দ বিধান পরিষদের নেতা-কর্মীরা ফুল, উত্তরীয় ও স্মারক উপহার প্রদান করে বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানান। কৃষক পরিষদের পক্ষ থেকেও তাঁকে উত্তরীয় পরিয়ে রাধা-কৃষ্ণের একটি ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক পরিষদের জেলা সাধারণ সম্পাদক কাওসার ফরিদ লস্কর।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অগপের কার্যকরী সভাপতি মণিতন সিংহ বলেন, জনগণের বিপুল সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটেছে রাজদ্বীপ গোয়ালার জয়ে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত বিধায়কের নেতৃত্বে উধারবন্দের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি ভারতমালা প্রকল্পের কারণে আরকাটিপুর অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর এবং কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ সাহিদ বড়ভূইয়া বক্তব্য রাখেন। তাঁরা সকলেই এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, বিজেপি-অগপ মিত্রজোটের বিপুল সাফল্য অসমবাসীর উন্নয়নমুখী রাজনীতির প্রতি আস্থার প্রতিফলন। তিনি বলেন, রাজ্য সরকার গঠনের পর গৃহীত বিভিন্ন জনমুখী উদ্যোগ, বিশেষ করে নারী ক্ষমতায়ন ও সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ, আগামী দিনে রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উধারবন্দ বিধানসভা কেন্দ্রকে আসামের অন্যতম গুরুত্বপূর্ণ ও উন্নত কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম ও সমর্থনের ফলেই তিনি বিজয়ী হয়েছেন। সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও আশ্বাস দেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অগপর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *