গণিরগ্রাম সাব-সেন্টারে স্বচ্ছতা অভিযান ও নদীভাঙন পরিদর্শন কিশোর নাথের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত “বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গণিরগ্রাম সাব-সেন্টারে মাইনরিটি মোর্চার উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, জরুরি পরিষেবা ও সমাজকল্যাণমূলক কর্মসূচির গুরুত্বও তুলে ধরা হয়।

সভা শেষে বিধায়ক কিশোর নাথ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণিরগ্রাম সাব-সেন্টার প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি সাব-সেন্টারটি পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং জনবল সংক্রান্ত বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
পরে বিধায়ক কিশোর নাথ গণিরগ্রাম এলাকার নদীভাঙন কবলিত অঞ্চল সরেজমিনে পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দিনব্যাপী এই কর্মসূচিতে মাইনরিটি মোর্চার নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিধায়কের সরেজমিন পরিদর্শন ও দ্রুত পদক্ষেপের আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *