অসমের বিশিষ্ট অভিনেত্রী চেতনা সহ পাঁচ শিল্পীকে সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার, ছয় শিল্পী উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : ২০২৪-২৫ বর্ষের মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার সঙ্গীত নাটক অকাডেমি দেশের সঙ্গীত, নৃত্য, নাটক ও অন্যান্য পরিবেশন কলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০৮ জন শিল্পীকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। পাশাপাশি সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অকাডেমির সর্বোচ্চ সম্মান ‘অকাডেমি রত্ন’ (ফেলোশিপ)-এ ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ২০২৪ ও ২০২৫ সালের জন্য ১০৬ জন তরুণ শিল্পীকে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হবে। উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে সঙ্গীত নাটক অকাডেমি এই সম্মান প্রদান করে আসছে।

এবার অসম থেকেও একাধিক শিল্পী এই সম্মানে ভূষিত হয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক ও সাংস্কৃতিক জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের নির্বাচন করা হয়েছে।

সত্রিয়া নৃত্যে অনন্য অবদানের জন্য প্রেম ওজা বরবায়নকে ২০২৪ সালের সংগীত নাটক অকাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে। একই বছরে কথক নৃত্যশিল্পী বিপুলচন্দ্র দাসও এই সম্মানে ভূষিত হয়েছেন।

২০২৫ সালের সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেত্রী চেতনা দাস। অসমের অভিনয় জগতের অন্যতম প্রবীণ শিল্পী হিসেবে পরিচিত চেতনা দাস মঞ্চনাটক, চলচ্চিত্র ও ধারাবাহিকে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
এছাড়া সত্রিয়া নৃত্যে বিশেষ অবদানের জন্য মল্লিকা কন্দলী এবং ভাস্করজ্যোতি ওজাকেও ২০২৫ সালের সংগীত নাটক অকাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন সত্রিয়া নৃত্যশিল্পী মিনাক্ষী মেধি এবং প্রখ্যাত বাঁশিবাদক দিলীপ হীরা। ২০২৫ সালের যুব পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন টোকারি গানের প্রসার ও প্রচারে অবদান রাখা শিল্পী হীরকজ্যোতি শর্মা, সত্রিয়া নৃত্যের জন্য মাজুলীর নিরঞ্জন শইকীয়া বরবায়ন, খোলবাদ্যের সাধনার জন্য দেবজিৎ শইকিয়া এবং নাট্যক্ষেত্রে অবদানের জন্য নাট্যকর্মী বিদ্যুৎ কুমার নাথ।

সঙ্গীত নাটক অকাডেমি দেশের সঙ্গীত, নৃত্য ও নাট্যকলার সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয় এবং ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, প্রচার ও নথিভুক্তকরণের কাজে নিয়োজিত। অকাডেমি ফেলোশিপপ্রাপ্তদের তিন লক্ষ টাকা, সংগীত নাটক অকাডেমি পুরস্কারপ্রাপ্তদের এক লক্ষ টাকা, একটি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। অন্যদিকে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারপ্রাপকেরা ২৫ হাজার টাকা, একটি তাম্রপত্র এবং অঙ্গবস্ত্র লাভ করেন। বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এই সম্মানগুলি প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *