গুয়াহাটিতে ফের তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : ফের এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গুয়াহাটিতে। মহানগরীর বেলতলা এলাকায় সুস্মিতা বসুমতারী নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত সুস্মিতার বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। তিনি গুয়াহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বুধবার সকালে বেলতলায় তাঁর ভাড়া বাড়ি থেকে সুস্মিতার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তাঁকে চরম পদক্ষেপ নেওয়া অবস্থায় পাওয়া গেছে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।

তবে ঘটনার পরই নতুন মোড় নেয় তদন্ত। সুস্মিতার বাবা মেয়ের মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ইতিমধ্যে সুস্মিতার মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বাবা হাতীগাঁও থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি মেয়ের মৃত্যুর পেছনে সন্দেহজনক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।

পরিবারের দাবি, ঘটনার আগের রাতে সুস্মিতা তাঁর প্রেমিক আকাশ প্রসাদের সঙ্গে ছিলেন। সেই কারণেই পরিবারের সদস্যরা ঘটনার সঙ্গে অন্য কারও জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *