১০ জুন : ভারতের রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কৃতিত্ব অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কার্যকালের রেকর্ড অতিক্রম করে নরেন্দ্র মোদী বর্তমানে দেশের ইতিহাসে সর্বাধিক দীর্ঘ সময়, অর্থাৎ ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী নেতা হিসেবে নতুন নজির গড়েছেন।
এই ঐতিহাসিক উপলক্ষে দেশ-বিদেশের বহু রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজন প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সঙ্গে সুর মিলিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি অসমের প্রতি প্রধানমন্ত্রী মোদীর বিশেষ গুরুত্ব ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, “শ্রী নরেন্দ্র মোদি— একটি নাম, যার সঙ্গে জড়িয়ে রয়েছে গত ১২ বছরের ভারতের প্রায় প্রতিটি ঐতিহাসিক উন্নয়ন ও রূপান্তরের অধ্যায়। আজ তিনি ভারতের সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করলেন। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক মাইলফলক নয়, বরং একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং বিশ্বমঞ্চে ক্রমশ এগিয়ে চলা ভারতের যাত্রাপথের স্বীকৃতি।”
তিনি আরও বলেন, গত ১২ বছরে দেশের উন্নয়ন, দরিদ্র কল্যাণ, পরিকাঠামো নির্মাণ, ডিজিটাল বিপ্লব, আত্মনির্ভর ভারত গঠন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির মতো অসংখ্য ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য এসেছে, তা প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বের ফল।
এই গৌরবময় ও স্মরণীয় মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে ভারত আগামী দিনেও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।



