দিসপুরে তরুণীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অটোচালক

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : রাজধানী গুয়াহাটির দিসপুর এলাকায় এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে এক তরুণী নভোটেল হোটেলের সংলগ্ন এলাকা থেকে একটি অটো ভাড়া করে হোটেল ব্লু’মুনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, যাত্রাপথে অটোচালক মনোয়ার হুসেন তাঁকে জোরপূর্বক নির্জন একটি স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীর সঙ্গে শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি ধর্ষণের চেষ্টা করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তের হামলায় তাঁর মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে তিনি কোনোভাবে অভিযুক্তের কবল থেকে নিজেকে মুক্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে নিরাপদ স্থানে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

ঘটনার পর সোমবার সকালে তরুণী দিছপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত অটোচালক মনোয়ার হুসেনকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত AS-01TC-5416 নম্বরের অটোটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী শহরে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তদন্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *