‘সেবার ১২ বছর’ কর্মসূচির ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘সেবার ১২ বছর’ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে অংশ নিয়ে তিনি নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দেশের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করা এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১২ বছরে ভারত উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দরিদ্র মানুষের ক্ষমতায়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, ডিজিটাল প্রযুক্তির প্রসার, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, “সেবা, সুশাসন ও জাতি সর্বাগ্রে” এই মূলমন্ত্রকে সামনে রেখে গত এক দশকেরও বেশি সময় ধরে দেশ এগিয়ে চলেছে। এর ফলে কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং আত্মনির্ভর ভারতের ভিত্তি আরও মজবুত হয়েছে।
মন্ত্রী জানান, বৈঠকে সরকারের সাফল্য ও উন্নয়নের বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তাঁরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *