পিৎজ়া ডেলিভারির জন্য ডেকে বিদেশের মাটিতে ভারতীয় যুবককে খুন

Spread the news

৭ জুন : পিৎজ়া ডেলিভারি করতে গিয়ে আমেরিকার ফিলাডেলফিয়ায় খুন ভারতীয় যুবক। গুলি করে হত্যা করা হয়েছে তাঁকে। ২৮ বছর বয়সি ওই যুবকের নাম অংশুল কুঞ্চা। তেলঙ্গনার ছেলে তিনি। ফিলাডেলফিয়ার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। পার্ট টাইম জব হিসেবে পিৎজ়া ডেলিভারি করতেন অংশুল। পরিবারের সন্দেহ, ওই পিৎজ়ার অর্ডারটি অংশুলকে খুনের ফাঁদ ছিল। অর্থাৎ ভুয়ো অর্ডারের আড়ালে অংশুলকে খুন করাই ছিল লক্ষ্য।

শুক্রবার রাতে উত্তর ফিলাডেলফিয়ার একটি আবাসনে পিৎজ়া দিতে গিয়েছিলেন অংশুল। কিছুক্ষণের মধ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। রাতেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে জানা গিয়েছে, যে ফ্ল্যাটে অংশুল পিৎজ়া পৌঁছে দিতে গিয়েছিলেন, সেটি ফাঁকা ছিল।

NDTV-র খবর অনুযায়ী, অংশুলের বোন তানভি জানান, পিৎজ়ার অর্ডারটি অংশুলকে খুনের জন্য একটা ট্র্যাপ ছিল। এর আগেও US-এ অংশুল ছিনতাইবাজদের হাতে পড়েছিলেন, এমনও অভিযোগ পরিবারের। সেই সময়ে তাঁর গলার চেন, ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে এমন প্রাণঘাতী হামলা হতে পারে, ভাবতেই পারেনি পরিবার। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে, তা নিয়েও ধোঁয়াশায় বাড়ির লোকেরা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুব কাছ থেকে অংশুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে তাঁর গাড়িটিও উদ্ধার করা হয়। গাড়ির ভিতরে একটি ব্যাগ, একাধিক পিৎজ়ার বাক্স পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *