রাজৌরিতে জঙ্গি দমন অভিযান, খাদে পড়ে মৃত সেনা অফিসার

Spread the news

৭ জুন : জম্মু-কাশ্মীরের রাজৌরিতে মৃত্যু এক সেনা অফিসারের। শনিবার সন্ধ্যায় পাহাড়ি এলাকা থেকে পা পিছলে গভীর খাদে পড়ে যান ওই সেনা অফিসার। যার জেরেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। মৃত সেনা অফিসারের নাম বীরেশ্বর গোস্বামী। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। ইতিমধ্যেই ওই সেনা অফিসারের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেনা সূত্রে খবর, রাজৌরি জেলার ডোরিমাল এবং গম্ভীর মুঘলান এলাকায় জঙ্গি দমন অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শেরুওয়ালি’। ওই অঞ্চলের জঙ্গলে দুই থেকে তিন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণে ওই এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা। বিগত ১৫ দিন ধরে চলছে রাজৌরি জেলায় চলছে এই অভিযান।

শনিবার ডোরিমাল এলাকায় তল্লাশি চালানোর সময়ে ওই লেফটেন্যান্ট হঠাৎই পা পিছলে গভীর খাদের পড়ে যান। খাদ প্রায় ৩০ মিটার গভীর ছিল বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আধিকারিকের। পরে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, খাদে পড়ে যাওয়ার ফলে গুরুতর জখম হন ওই আধিকারিক। যার জেরেই মৃত্যু হয় তাঁর। নিহত সেনা অফিসারের দেহ রবিবার জম্মু এয়ারফোর্স স্টেশনে নিয়ে আসা হবে। সেখানে তাঁকে গান স্যালুট জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *