বরাক তরঙ্গ, ৬ জুন : যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস অন্যান্য সংগঠনের সঙ্গে শিলচরে পালন করেছে বরাক ভ্যালি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে শিলচর প্রেস ক্লাবে গাছ লাগিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে শিলচর টাউন ক্লাব, কাছাড়ের সেটেলমেন্ট কার্যালয়, দূরদর্শন কেন্দ্র, তথ্য ও জনসংযোগের উপঅধিকর্তার কার্যালয়, সার্কিট হাউস, কোর্ট প্রাঙ্গনের ডেপুটি সাবরেজিষ্ট্রার অফিস, সংস্থার ঘনিয়ালার কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন সরকারি কার্যালয় ও বেসরকারি স্থানে গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলে সংস্থা। বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য নিয়ে ওইদিন বক্তব্য পেশ করেন সংস্থার সভাপতি মনোতোষ ধর, কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ, সাধারণ সম্পাদক বিজয় দেবনাথ, সংগঠনের কোঅর্ডিনেটর অনুপম দে প্রমুখ।
শিলচর দূরদর্শন কেন্দ্রে ভারপ্রাপ্ত ষ্টেশন ডিরেক্টর সমরজিৎ সিংহ, আবর্ত ভবনে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক এম. কুটুম, কোর্ট কম্পাউন্ডের ডেপুটি সাবরেজিষ্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার যুগল সিং, সিনিয়র সাব-রেজিষ্ট্রার রাজীব কান্তি দাস, টাউন ক্লাবের উপসভাপতি নন্দদুলাল রায় সহ অন্যান্য কর্মকর্তারা বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসেসিয়েশনের সদস্যদের সঙ্গে বৃক্ষ রোপন করেন। অতিরিক্ত জেলাশাসক এম কুটুম, দূরদর্শনের ভারপ্রাপ্ত ষ্টেশন ডাইরেক্টর সমরজিৎ সিংহ, ডেপুটি সাব-রেজিষ্ট্রার যুগল সিংহ প্রমুখ এধরনের উদ্যোগকে ভুয়শী প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠন এধরনের সমাজ সচেতনমূলক কাজে আরও এগিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন বরাক ভ্যালি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের দু’মাস ব্যাপি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও কলকাতা থেকে বিশ্ববঙ্গের ১২ জন শিল্পীকে এনে ১ জুলাই যে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবেশ দিবসের মাধ্যমে তা সূচনা হল। গত বছরও সংগঠন বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদের প্রয়াত চার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে। বরাক ভ্যালি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে বিশেষ করে কাছাড়ের বনবিভাগ ও দূরদর্শন কেন্দ্র অগ্রনী ভূমিকা নেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে।



