আত্মনির্ভরশীল অসম গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ জুন : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নত ও আত্মনির্ভরশীল অসম গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে রাজ্যের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্লবড়ুয়া ও কৌশিক রায়।

শপথ গ্রহণের পর মিনিস্টার কলোনিতে অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের পরিবেশ রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা বহন করে। উপস্থিত বিজেপি নেতা-কর্মীদের মতে, সুশাসন, জনকল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়নের কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সকলেই একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

মন্ত্রীদের পাশাপাশি বিধায়ক বিজয় মালাকার-সহ একাধিক জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভাবনাকে বাস্তব রূপ দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত এক দশকে অসমে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি রাজ্যকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *