গুয়াহাটির জালুকবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা-মা এবং তাঁদের দুই সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত প্রায় ২টার দিকে জালুকবাড়ির জয়মতী নগর এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রবল বর্ষণের মধ্যেও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে পরিবারের চার সদস্যের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদের পরিচয় কুদ্দুস আলি, কাজলি বেগম এবং তাঁদের দুই সন্তান হিসেবে জানা গেছে। পরিবারটির বাড়ি অসমের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর এলাকায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে শুধু চারজনের প্রাণহানিই নয়, সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বসতবাড়ি এবং ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী।

স্থানীয় সূত্রের দাবি, পরিবারটির একটি হোটেল ব্যবসা ছিল। হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর রাতেই জালুকবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *