বরাক তরঙ্গ, ৪ জুন : মেহেরপুরস্থিত জেলা সমাজকল্যাণ দফতরে অনুষ্ঠিত “প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবির”-এ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার অসম সরকারের উদ্যোগ ও সক্ষমের সহযোগিতায় আয়োজিত হয় শিবির। শিবিরে প্রায় ৫০০ জন বিশেষ করে দিব্যাঙ্গ ব্যক্তি, তাঁদের অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য পানীয়জল, বিস্কুটের প্যাকেট এবং চকলেট বিতরণ করে ক্লাব ভ্যালি ভিউ এবং ইয়াসি।
ক্লাব ভ্যালি ভিউ-র প্রকল্প চেয়ারপার্সন মিনারা লস্কর এবং ইয়াসির প্রকল্প দায়িত্বপ্রাপ্ত মান্না দত্ত এই মহৎ উদ্যোগে তাঁদের সংগঠনগুলিকে সম্পৃক্ত করার জন্য সরকারি আয়োজকদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মিঠুন রায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, পুষ্পাবতী রায়, সুবীর দে ও ইয়াসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজন লস্কর, আহাদ বড়ভূইয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ।



