ছয়জন নাগা পণবন্দীর সন্ধান ও নিরাপদ মুক্তির দাবিতে পদযাত্রা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : মণিপুরের অল নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ANSAM) ছয়জন নাগা পণবন্দীর সন্ধান ও নিরাপদ মুক্তির দাবিতে তীব্র গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা করেছে। সংগঠনটির অভিযোগ, গত ১৩ মে লেইলন ভাইফেই গ্রাম থেকে ওই ছয়জনকে অপহরণ করা হয়। তবে তাদের উদ্ধারে ১৩ মে থেকে আজ পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এ কারণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি।

বৃহস্পতিবার উখরুল জেলা সদর দফতরে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর জারি করা বিবৃতিতে ANSAM জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তারা গভীরভাবে হতাশ। সংগঠনটি আরও জানায়, সরকারের কাছে পূর্বে দেওয়া সময়সীমা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত পণবন্দীদের নিরাপত্তা ও বর্তমান অবস্থার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি প্রশাসন।

৩ জুন উখরুল জেলা সদরে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টাংখুল কাটামনাও সাকলং (TKS)-এর উদ্যোগে আয়োজিত ওই সভায় উপস্থিত সদস্যরা পণবন্দীদের পরিবারের মানসিক যন্ত্রণা ও উদ্বেগের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উখরুল-ইম্ফল জাতীয় সড়ক ২০২ ধরে ইম্ফল অভিমুখে একটি গণতান্ত্রিক পদযাত্রা শুরু করা হয়েছে। সংগঠনের সদস্যরা মাখান গ্রামে গিয়ে পণবন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।
এছাড়া, রাজ্য সরকারের প্রস্তাবিত যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার আগে নাগা নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের মধ্যে ব্যাপক আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে ANSAM। নাগা অধ্যুষিত এলাকার পরিস্থিতির ওপর নজরদারি এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য সংগঠনের প্রাক্তন নেতাদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে ANSAM স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, জাতীয় সড়ক ২০২-এ চলমান গণতান্ত্রিক পদযাত্রার সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বহন করতে হবে। সংগঠনটি আরও জানিয়েছে, ছয়জন পণবন্দীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *